কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় অস্ত্র, মাদক, চোরাচালান, ডাকাতি ও অপহরণসহ নানা অপরাধে একটি সংঘবদ্ধ চক্রের তৎপরতায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আলোচিত সন্ত্রাসী আজিজুল হক প্রকাশ জুলু ডাকাতের পরিবারের সদস্যদের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।
অভিযোগ রয়েছে, চক্রটির অন্যতম সদস্য নূরুল আমিনের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের তথ্য রয়েছে। একটি অভিযানে তার বাড়ি থেকে বিদেশি পিস্তল, একে-২২ রাইফেল, দেশীয় অস্ত্র, গোলাবারুদ, ম্যাগাজিন ও ওয়াকিটকি উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় নূরুল আমিনসহ কয়েকজনকে আটক করা হয়েছিল বলে জানা গেছে।
স্থানীয়দের আরও অভিযোগ, বালুখালী খেলার মাঠসংলগ্ন এলাকায় রাতের বেলায় চুরি-ডাকাতি, অপহরণ, মাদক লেনদেন ও রোহিঙ্গা ক্যাম্পে মাদক সরবরাহের মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। পাশাপাশি ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবৈধভাবে আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
এলাকাবাসীর দাবি, অতীতে অভিযান ও মামলা হলেও চক্রটির তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি। অভিযোগকারীরা নিরাপত্তাহীনতার কারণে প্রকাশ্যে বক্তব্য দিতেও ভয় পাচ্ছেন বলে জানান।
স্থানীয় সচেতন মহল বলছে, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং বালুখালী সেনা ক্যাম্পসংলগ্ন এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা জরুরি।