নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রশাসক হিসেবে আলোচনায় উঠে এসেছে বিএনপি নেতা এম মনজুর আলমের নাম। টানা দুইবার বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হওয়া, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
নির্বাচিত জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়া কিংবা বিশেষ পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রেক্ষাপটে হলদিয়া পালং ইউনিয়নেও চলছে সম্ভাব্য প্রশাসক নিয়ে আলোচনা। এ আলোচনায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এম মনজুর আলমের নাম বিশেষভাবে উঠে আসছে।
এম মনজুর আলমের রাজনৈতিক পথচলা শুরু ২০০৭ সালে যুবদলের রাজনীতির মধ্য দিয়ে। ২০০৯ সালে হলদিয়া পালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক, ২০১৩ সালে আহ্বায়ক এবং ২০১৪ সালে ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি তিনি কক্সবাজার জেলা যুবদলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে ২০১৮ সালে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে হলদিয়া পালং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০২১ সালে পুনরায় একই পদে নির্বাচিত হন। বর্তমানে তিনি উখিয়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন এম মনজুর আলম। তার দেওয়া তথ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাতটি রাজনৈতিক মামলার শিকার হন। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন বলেও জানা গেছে।
রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও রয়েছে তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা। ২০১৬ সালে হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে প্রথমবার ইউপি সদস্য নির্বাচিত হন তিনি। ২০২১ সালে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনসেবার দায়িত্ব অব্যাহত রাখেন। টানা দুই মেয়াদে জনগণের ভোটে নির্বাচিত হওয়াকে তার প্রতি স্থানীয় ভোটারদের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন তার সমর্থকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মরিচ্যা বাজারকেন্দ্রিক নির্বাচনী এলাকার প্রতিনিধি হলেও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। সামাজিক বৈঠক, পারস্পরিক আলোচনা ও ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার চেষ্টা করেন তিনি। এলাকার সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।
স্থানীয়দের একটি অংশের প্রত্যাশা, হলদিয়া পালং ইউনিয়নের প্রশাসক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক অভিজ্ঞতা, জনপ্রতিনিধি হিসেবে কাজের দক্ষতা, জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হোক। তাদের মতে, দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রশাসনিক দায়িত্ব পালনে সহায়ক হতে পারে।
সব মিলিয়ে রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা এবং টানা দুইবার বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এম মনজুর আলম এখন হলদিয়া পালং ইউনিয়নের প্রশাসক নিয়োগের আলোচনায় অন্যতম পরিচিত নাম। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তে কে পাচ্ছেন প্রশাসকের দায়িত্ব, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।