নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ জনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।
শাহেদ আল-মামুন জানান, তথ্যপ্রযুক্তি ও সিপিএসসি নরসিংদী, র্যাব-১১-এর সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রেজাউল করিমসহ পুলিশের একটি টিম শুক্রবার (১৪ আগস্ট) দিনগত রাত ৩টায় কক্সবাজারের হোটেল গ্রীন প্যালেস নামে একটি আবাসিক হোটেল থেকে এজাহারভুক্ত হত্যা মামলার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয়সহ মোট ৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলেও জানান তিনি।
গ্রেফতার আসামিরা হলেন- প্রধান আসামি সাফাদি মির্জা বিজয় (২৫), শাহ আলম ফকির (৩০), রিফাত ওরফে বাবু ফকির (২২), তুষার (২৫) ও মেহেদী (২০)। সব আসামির বাড়ি পলাশের ডাঙ্গা ইউনিয়নের হাসানহাটা ফকিরবাড়ী গ্রামে।
উল্লেখ্য, গত (২ আগস্ট) রাত পৌনে ২টার দিকে পলাশের ডাঙ্গা ইউনিয়নে হাসানহাটা (ফকিরবাড়ী) এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামি সাফাদি মির্জা বিজয়সহ তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহিম আল মাসুম ও তার সঙ্গী জয়নাল মাস্টার, মামুন আহম্মেদ, আমজাদ, কাউছার, মামুন, আকাশ, রুবেল ও ইমরানের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে ইব্রাহিম আল মাসুম (৩৩) গুলিবিদ্ধ হন এবং অন্যরা গুরুতর আহত হন। আরও পড়ুনআরও পড়ুনশিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, মামলা না করতে চাপ
পরে আহত ইব্রাহিম আল মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ৯ দিন চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।
এ ঘটনায় পলাশ থানায় নিহত মাসুমের শ্যালক হাসান মো. মহসিন বাদী হয়ে গত ৪ আগস্ট ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।