Cox News

ডাকাতির সময় খুন: ৭ ডাকাত গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে বাড়িতে ডাকাতির সময় মো. শাহজাহান (৫৬) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় মাধবদী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। গ্রেপ্তাররা হলেন—মাধবদী থানার খড়িয়া দক্ষিণপাড়ার জুবায়ের হোসেন (২০), খড়িয়া উত্তরপাড়ার আশিক আহমেদ (২৩), মোজাহিদ রহমান অপু (২২), সুজন মিয়া (২৫), চরভাসানিয়া এলাকার ফারুক মিয়া (৩০), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার যুগাইদা গ্রামের রোমান (২৮) এবং বরিশালের কাজিরহাট থানার জয়নগর গ্রামের হৃদয় মিয়া (২২)। পুলিশ জানায়, গত ১৮ জুলাই ভোররাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে সৌদি প্রবাসী মিলনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদের বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে মিলনের বড় ভাই মো. শাহজাহান নিহত হন। এ ঘটনায় শাহজাহানের চাচা সুরুজ মিয়া গুরুতর আহত হন। ডাকাতরা বাড়ি থেকে প্রায় এক ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। ঘটনার পর মাধবদী থানায় মামলা হলে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একাধিক টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নয় দিনের মধ্যে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতি ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তাররা খড়িয়া এলাকার একটি ডাকাতি এবং পাইকারচর ইউনিয়নের কোতোয়ালিচর এলাকার দিগন্ত হত্যা মামলারও আসামি। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডাকাতির সময় খুন: ৭ ডাকাত গ্রেপ্তার