দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকলেও বিএনপি-সমর্থক হিসেবে সেটি নিজের কাছে খুব একটা খারাপ না লাগলেও সাধারণ মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আত্মসমালোচনা’ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ।
বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা এবং দুঃখ প্রকাশের আহ্বানও জানিয়েছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি ছাত্রদল-বিএনপির কর্মী তাই দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকলেও এই জিনিসটা আমার খারাপ লাগে না। বিদ্যুৎ না থাকুক, আমার সরকার তো রাষ্ট্র ক্ষমতায় আছে এটাই আমার জন্য অনেক। রাতের বেলা বিদ্যুৎ চলে গেলেই আমার শৈশবের কথা মনে পরে। স্কুল জীবনে সন্ধ্যার পর বই পড়তে বসতাম আর ভাবতাম কখন বিদ্যুৎ চলে যাবে, বিদ্যুৎ চলে গেলেই বাহিরে বের হতাম। বাহিরে বের হয়ে লুকোচুরি খেলতাম, দৌড়াদৌড়ি করতাম, এলাকার বন্ধু-বড় ভাই- ছোট ভাইদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতাম, আহ! কি সুন্দর জীবন ছিলো!!’
এরপর সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে রেজা শরীফ লিখেছেন, কিন্তু এই দেশের সবাই আমার মত বিএনপির কর্মী না। বিদ্যুৎ না থাকলে আমার শৈশবের সুন্দরতম মুহূর্তগুলো মনে পরে আর সাধারণ মানুষের মনে সরকারের প্রতি গালাগাল আসে।
বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও লিখেছেন, আজকের এই সময় এসে দিনে রাতে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে না, এটা মেনে নেওয়া যায় না।
যদি বিদ্যুৎখাতে বড় কোনো সমস্যা হয় তাহলে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ জ্বালানী মন্ত্রী-প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন করে সবাইকে জানান অথবা প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ থেকে কেউ বিদ্যুৎ সংকটের কথা জানিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করুন।
বিদ্যুৎকে মানুষের মৌলিক প্রয়োজন হিসেবে উল্লেখ করে স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, বর্তমান যুগে এসে একজন সাধারণ মানুষের বেসিক নিড হচ্ছে স্বাভাবিক বিদ্যুৎ সুবিধা পাওয়া। এটা নিয়ে হেলা ফেলা করার সুযোগ নাই। রেজা শরীফ রাজনৈতিক পরিচয় প্রকাশ করেই সরকারের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এমন প্রকাশ্য সমালোচনা করায় তাঁর স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সরকারপন্থী একজন রাজনৈতিক কর্মীর মুখে বিদ্যুৎ সংকট নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির প্রসঙ্গ তুলে ধরার বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।