প্রসেনজিত বড়ুয়া,
কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা উখিয়া ও টেকনাফে ক্রমবর্ধমান অপহরণের ঘটনা বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন টেকনাফের বাসিন্দা ও বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী সাইফুল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তিনি এ কর্মসূচি শুরু করেন। তার দাবি, দীর্ঘদিন ধরে উখিয়া ও টেকনাফে অপহরণ এবং মুক্তিপণের ঘটনা বেড়েই চলেছে। এতে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
অনশনকারী সাইফুল বলেন, সীমান্ত এলাকার মানুষ এখন স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। অপহরণের আতঙ্কে অনেক পরিবার উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তিনি অবিলম্বে অপহরণ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জড়িতদের আইনের আওতায় আনা এবং সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আমরা সীমান্তে এখন আর নিরাপদ নই। উখিয়া-টেকনাফে অপহরণ বন্ধে রাষ্ট্রকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এদিকে, সাইফুলের এই আমরণ অনশন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, এ কর্মসূচির মাধ্যমে উখিয়া-টেকনাফের দীর্ঘদিনের অপহরণ সংকট জাতীয় পর্যায়ে নতুন করে আলোচনায় এসেছে।