প্রসেনজিত বড়ুয়া:
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি শপিং ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক অজ্ঞাতনামা ব্যক্তি ইয়াবাভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া থানাধীন বালুখালী মরাগাছতলা মাছ বাজারগামী রাস্তার মোড়ে পাকা সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, উখিয়া থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় এসআই উত্তম কুমার সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ বালুখালী মরাগাছতলা এলাকায় অভিযান চালান। এ সময় ঘটনাস্থলে অবস্থানরত এক অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি খাকি রঙের শপিং ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ ব্যাগটি তল্লাশি করে কালো রঙের কস্টেপ দিয়ে মোড়ানো চারটি বান্ডেল উদ্ধার করে। বান্ডেলগুলোর ভেতরে থাকা ৫০টি নীল রঙের পলি জিপার প্যাকেট থেকে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত ও আটকের পাশাপাশি ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উখিয়া থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।