কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা হোটেল নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আতাউল কবির টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পিরোজপুরের নেছারাবাদ এলাকায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আতাউল কবির ওই হোটেলের একটি কক্ষে ওঠেন। শুক্রবার তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।