মুসলিম উদ্দিন:
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পরিবহনের সময় ১৫ মেট্রিক টন (৩০০ বস্তা) ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও বিজিবি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬'র ৩ ও ৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন মরিচ্যা চেকপোস্ট এলাকায় ৩০ বিজিবি ও উপজেলা কৃষি অফিসের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ট্রাকে অবৈধভাবে পরিবহন করা ৩শ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। যার মোট পরিমাণ ১৫ মেট্রিক টন। পরে সারগুলো জব্দ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পান্না আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার, ৩০ বিজিবির কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
পরে জব্দকৃত ইউরিয়া সার বিধি মোতাবেক নিলামের মাধ্যমে নিষ্পত্তি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা ও উপস্থিত বিজিবি সদস্যদের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে অবৈধভাবে পরিবহন, মজুত বা অন্যত্র পাচার না হয়, সে বিষয়ে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।