নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ইমাম ও খতিবের দায়িত্ব পালন, অসংখ্য আলেমের উস্তাজ হিসেবে স্মরণীয় হয়ে আছেন তিনি
উখিয়া উপজেলার বিশিষ্ট আলেম, প্রবীণ শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্ব হযরত আলহাজ্ব মাওলানা এজাহারুল হক (রহ.)-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৯ নভেম্বর।
মরহুম মাওলানা এজাহারুল হক রাজা পালং এম ইউ ফাজিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ছিলেন। তিনি সাবেক রুমখাঁ আদর্শ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি রুমখাঁ ক্লাসপাড়া তালগাছতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দীর্ঘ ৫০ থেকে ৫৫ বছর দায়িত্ব পালন করেছেন।
ধর্মীয় শিক্ষা বিস্তার, দ্বীনি খেদমত এবং অসংখ্য শিক্ষার্থীকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তাঁর অবদান উখিয়াবাসীর কাছে স্মরণীয় হয়ে আছে। তাঁর কাছে শিক্ষা গ্রহণ করে অনেকেই পরবর্তী সময়ে আলেম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এ কারণে তিনি উখিয়া উপজেলার অসংখ্য আলেমের শ্রদ্ধেয় উস্তাজ হিসেবে পরিচিত ছিলেন।
তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হচ্ছে। একজন শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সমাজের আলোকিত মানুষ হিসেবে তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হচ্ছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।