চট্টগ্রামে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ জুলাই) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে হবিগঞ্জে নেতাদের ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এনসিপির প্রতিবাদ সমাবেশ শেষে এ ঘটনা ঘটে।
সমাবেশটি আয়োজন করে চট্টগ্রাম মহানগর শাখা এনসিপি। এ সময় এনসিপির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ দুপক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার ৩টার পর থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করে এনসিপির নেতাকর্মীরা। তাদের ব্যানারে লেখা ছিল, ‘হবিগঞ্জে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।’
বিকাল ৪টার দিকে সমাবেশ শেষ করে চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনসহ নেতাকর্মীরা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জামালখান মোড়ের দিকে রওনা হন। এ সময় এনসিপির মিছিল থেকে, ‘সন্ত্রাসের আস্তানা, এ দেশে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আরও পড়ুনআরও পড়ুনফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক
মিছিলটি সড়কের সিঁড়ির গোড়া অংশে পৌঁছে ইউটার্ন নিয়ে আবার প্রেস ক্লাবের দিকে আসার সময় আরিফ মঈনুদ্দিনকে থামায় স্থানীয় বিএনপি নেতা শাহেদ বক্সসহ কয়েকজন। অল্প কিছুক্ষণ কথা বলার পর আরিফ মঈনুদ্দিন সেখান থেকে সরে এগিয়ে যাওয়া মিছিলের দিকে যাচ্ছিলেন। তখন মিছিলে থাকা এনসিপি নেতাকর্মীরা পেছনে ফিরে আরিফ মঈনুদ্দিনকে আটকে রেখেছে- এমন ধারণা করে বেশ কয়েকজন এগিয়ে আসে। এরপর দুপক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। তখন উপস্থিত পুলিশ সদস্যরা মাঝখানে দাঁড়িয়ে তাদের শান্ত করেন।
কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।