নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় হলদিয়া পালং ইউনিয়ন দক্ষিণ বিএনপির সদস্য সচিব জিএম ইদ্রিস মিয়ার বিরুদ্ধে একের পর এক চাঁদাবাজি, দখলচেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। তার কথিত দাপটে এলাকায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। এমন অভিযোগ তুলে তাকে থামাতে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেছেন কয়েকজন ভুক্তভোগী পরিবারের সদস্য।
ভুক্তভোগীদের অভিযোগ, বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসার পর থেকেই এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জিএম ইদ্রিস মিয়া নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। বিশেষ করে বসতভিটা ও জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
সর্বশেষ গতকাল (মঙ্গলবার) নিজের এলাকার এক ব্যক্তির বসতভিটা দখলের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে জিএম ইদ্রিস মিয়া গণধোল্লাইয়ের শিকার হয়েছেন বলে এলাকায় আলোচনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে পুরো উখিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে গণধোলাইয়ের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তার প্রভাব আরও বেড়েছে। অভিযোগ রয়েছে, এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও কাঙ্ক্ষিত প্রতিকার মেলেনি।
একাধিক ভুক্তভোগী পরিবারের সদস্য বলেন, "রাজনৈতিক পরিচয়ের প্রভাব দেখিয়ে কাউকে জমি দখল বা চাঁদা দাবি করার সুযোগ দেওয়া উচিত নয়। আমরা শান্তিতে বসবাস করতে চাই। প্রশাসন ও দলের দায়িত্বশীল নেতারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক।"
তাদের অভিযোগ, একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে বারবার একই ধরনের অভিযোগ উঠতে থাকলে বিষয়টি শুধু ব্যক্তিগত বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা, সম্পত্তির অধিকার ও এলাকায় রাজনৈতিক পরিবেশের বিষয়টিও জড়িত।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জিএম ইদ্রিস মিয়াকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলীয় নেতৃত্ব ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।