ইতিহাস লিখেছেন তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার তিনি। তবে ব্যক্তিগত অর্জনের উচ্ছ্বাসের মাঝেও সবচেয়ে বেশি মনে পড়েছে বাবা-মায়ের কথা। তাই ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকটি তাদেরই উৎসর্গ করেছেন এই টাইগার ওপেনার।
ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসারদের হতাশ করে দলকে ভালো অবস্থানে নিয়েছেন টাইগার ব্যাটাররা। বাংলাদেশের ব্যাটিংয়ের নেতৃত্ব দেন তানজিদ তামিম।
jwARI.fetch( $( "#ari-image-jw6a7ef89301117" ) );
আগের দিন ৩২ রানে অপরাজিত থাকা এই টাইগার ওপেনার খেলেন ১৯৭ বলে ১০১ রানের অসাধারণ ইনিংস। ৮ চার ও ১ ছক্কায় সাজানো এই শতকে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে উঠে আসে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে প্রথম ইনিংসে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে আবেগঘন প্রতিক্রিয়া জানান তানজিদ তামিম। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দিনটা খুব ভালো গেছে। দ্বিতীয় টেস্টেই শতক করতে পারা আমার জন্য দারুণ একটি মুহূর্ত। এই শতকটা আমার বাবা-মাকে উৎসর্গ করতে চাই।’
jwARI.fetch( $( "#ari-image-jw6a7ef89301144" ) );
অস্ট্রেলিয়ার বিশ্বমানের পেস আক্রমণের বিপক্ষে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নিয়ে এই টাইগার ওপেনার বলেন, ‘নতুন বলে ওদের বিপক্ষে ব্যাটিং করা কঠিন ছিল। তবে আমি কখনো বোলার দেখে খেলি না। চেষ্টা করি বলের মেরিট অনুযায়ী সিদ্ধান্ত নিতে।’