ফেনীতে অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষে চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশের (সিএমপি) এক কনস্টেবল মারা গেছেন। তার নাম জাহাঙ্গীর আলম।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফেনী সদর থানাধীন কাজীরবাগ এলাকায় অটোরিকশার সঙ্গে মিনি পিকআপের সংঘর্ষে গুরুতর আহত হন জাহাঙ্গীর। তিনি ফনী সদরের কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া এলাকার বাসিন্দা।
সিএমপিতে জাহাঙ্গীরের সহকর্মী শামসুল আলম জানান, জাহাঙ্গীর আলম চট্টগ্রাম নগরের খুলশী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ছুটিতে গিয়ে ফেনীর গ্রামের বাড়িতে অবস্থানকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানান, জাহাঙ্গীর আলমের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আমাদের থানায় কর্মরত ছিলেন জাহাঙ্গীর। তিনি ছুটিতে ছিলেন। ফেনীর গ্রামের বাড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।