সিলেট বিভাগে কোনোভাবেই থামানো যাচ্ছে না হামের মারাত্মক প্রাদুর্ভাব। গত কয়েক মাস ধরে চলমান সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে আগস্ট মাসেও।
শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে। এর মধ্যে ৬ জন সরাসরি হামে এবং বাকি ১০৮ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৮ জনে।
স্বাস্থ্য বিভাগের বিভাগীয় ও জেলা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন পর্যালোচনা করে এসব উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের রিপোর্ট অনুযায়ী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৩ মাস ১৯ দিনের শিশুটির নাম আয়ান। সে দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) উপজেলার শানুরদিয়া গ্রামের শামীম মিয়ার ছেলে।
প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে হামে আক্রান্ত হয়ে কিংবা উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জন রোগী। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ২২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৪২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদান নিশ্চিত করা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।