কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামে কথিত এক আরসা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিম (২৭) নামে এক ব্যক্তির ঘরের সামনে পৌঁছালে কয়েকজন অজ্ঞাত অস্ত্রধারী তাকে লক্ষ্য করে আনুমানিক পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। হামলার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, আরসা সংগঠনের অভ্যন্তরে বেশ কিছুদিন ধরে বিরোধ ও গ্রুপিং চলছিল। ঘটনার পেছনে সেই বিরোধের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন এবং এখনই নিশ্চিতভাবে কোনো কারণ বলা যাচ্ছে না।
খবর পেয়ে ইরানী পাহাড় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
নিহত জুবায়েরের পিতার নাম রহমত উল্লাহ। তিনি রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।