নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাটিতে পুঁতে রাখা একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড এসএমজি বুলেট উদ্ধার করেছে ১৪ এপিবিএন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫ নম্বর ক্যাম্পের এ ব্লকের ডিআরসি মাঠসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
১৪ এপিবিএন সূত্রে জানা যায়, অভিযানকালে ডিআরসি মাঠসংলগ্ন রফিক নামের এক রোহিঙ্গার পরিত্যক্ত দোকানের সামনে মাটির নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে,একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং এক রাউন্ড এসএমজি বুলেট।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, “বর্তমানে সংশ্লিষ্ট ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে। ক্যাম্প এলাকায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।"