নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় অবস্থিত ইউএনএইচসিআর সুরক্ষা (ট্রানজিট) কেন্দ্রের ভেতরে সশস্ত্র অনুপ্রবেশ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পিটার সাইফুল নিজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
অভিযোগে জানা যায়, গত ৭ আগস্ট সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের দিকে ট্রানজিট সেন্টারের ভেতরে তার আশ্রয়কক্ষে আব্দুল জলিল নামে এক সশস্ত্র ব্যক্তি প্রবেশ করে তাকে গুরুতর প্রাণনাশের হুমকি দেয়। একটি নির্ধারিত সুরক্ষা কেন্দ্রের ভেতরে এ ধরনের ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগী পিটার সাইফুলের দাবি, এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার হুমকি ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তিনি অভিযোগ ও আইনি পদক্ষেপ গ্রহণ করলেও এখনো কার্যকর বিচার না হওয়ায় অভিযুক্তরা দায়মুক্তি পেয়ে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, তার খ্রিস্টান ধর্মবিশ্বাস, যাজক হিসেবে দায়িত্ব পালন, মানবাধিকার কার্যক্রমে সম্পৃক্ততা এবং রোহিঙ্গা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার কারণে দীর্ঘদিন ধরে তিনি চরমপন্থী গোষ্ঠীগুলোর টার্গেটে রয়েছেন।
ধারাবাহিক হুমকি ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতায় তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি অবিলম্বে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সুরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়নের আহ্বান জানান তিনি।