রুমার দুর্গম লেতং খুমী পাড়ায় হামের উপসর্গ নিয়ে অসুস্থ আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। এ নিয়ে ১৫ দিনে রুমায় হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। বর্তমানে একই ধরনের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং বান্দরবান জেলা সদর হাসপাতালে ৩৬ জনসহ মোট ৪১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দা অং সাই খুমী বলেন, রুমা উপজেলা সদর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত লেতং খুমী পাড়া অত্যন্ত দুর্গম। মোটরসাইকেলে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত যাওয়ার পর আরও তিন থেকে চার ঘণ্টা পাহাড়ি পথ ও ঝিরিপথ হেঁটে সেখানে পৌঁছতে হয়। ফলে সেখানে নিয়মিত চিকিৎসক বা মেডিকেল টিম পৌঁছতে পারে না। আরও পড়ুনআরও পড়ুনহত্যা মামলার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, সেই সুযোগে পাট কাটায় বাধা ও প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল হাসান বলেন, জুন থেকে জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৯ জন শিশু চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। যেসব শিশুর মৃত্যু হয়েছে, তারা বাড়িতে অথবা হাসপাতালে আনার পথে মারা গেছে।