ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার কাঁচামাল ব্যবসায়ী ফয়সাল শেখ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চান সরদার, বাবুল আকন্দ ও তারা সরদার। এদের মধ্যে বাবুল আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি চান সরদার ও তারা সরদার পলাতক ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ সেপ্টেম্বর শহরের হাজী শরিয়াতুল্লা বাজারের কাঁচামাল ব্যবসার দ্বন্দ্ব নিয়ে আসামিদের সঙ্গে ফয়সালের বিরোধ হয়। এই বিরোধকে কেন্দ্র করে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশে ফয়সাল শেখকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে ফয়সাল তার মা ফিরোজা বেগমের কাছে সব ঘটনার বর্ণনা ও আসামিদের নাম বলে যান।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী চৌধুরী জাহিদ হাসান বলেন, আমরা এ মামলায় ন্যায়বিচার পেয়েছি।