রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি অনেক আগেই তাঁর পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল। অবশেষে তিনি পদত্যাগ করেছেন। তবে তাঁকে কোনোভাবেই ‘সেফ এক্সিট’ দেওয়া যাবে না।
রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) মিলনায়তনে আজ শুক্রবার ‘জুলাই যুব কনভেনশন-২০২৬ ’-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পাটওয়ারী। এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি এই কনভেনশনের আয়োজন করে।
রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে বিএনপি ‘গাধাসুলভ আচরণ’ করেছে মন্তব্য করে এনসিপির এই নেতা আরও বলেন, ‘গাধা যেমন জল ঘোলা করে পানি খায়, বিএনপিও তেমনি দেরিতে এ বিষয়ে অবস্থান নিয়েছে।’
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় সাহাবুদ্দিন চুপ্পুও দায় এড়াতে পারেন না বলে জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, সে সময় তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। কিন্তু ছাত্র-জনতার পক্ষে কোনো অবস্থান নেননি। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দ্রুত গ্রেপ্তার করতে হবে।
কনভেনশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। তিনি সাহাবুদ্দিনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে বিচারের আওতায় আনার দাবি জানান।
জুলাই যুব কনভেনশনে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ক্ষমতাসীন দল বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘তরুণদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। অথচ গত পাঁচ মাসে কর্মসংস্থান সৃষ্টির নামে নিজ দলের কর্মীদের জন্য শুধু চাঁদাবাজির ব্যবস্থা করেছেন। তরুণ যুবকদের কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ না নিলে আগামীতে এনসিপি ৪০ লাখ বেকারকে নিয়ে মাঠে নামবে এবং আপনাদের পতন ঘটাবে। আপনাদের পতনের মাধ্যমে যদি শেখ হাসিনা ফিরে আসে সেই দায়ও আপনাদেরই নিতে হবে।’
যুবশক্তির সভাপতি আরও বলেন, ‘বিএনপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার দায় আমাদের না। তাদের সুস্থ রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করেই ক্ষমতায় টিকে থাকতে হবে।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবশক্তির এই নেতা বলেন, বিএনপি যুব কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে গাড়ির পেছনে দৌড়ানোর কর্মসংস্থান সৃষ্টি করছে। বিএনপি চায় সবাই রবিউল ইসলাম নয়নের মতো হোক, সবাই রাশেদ খানের মতো হোক। তাহলে তাদের কর্মসংস্থান করা হবে।
কনভেনশনে আরও উপস্থিত ছিলেন নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় ও মহানগর নেতারা।