সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুনের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা-সংক্রান্ত প্রকাশিত সংবাদে আমার নাম উল্লেখ করে যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর। প্রকাশিত সংবাদের সংশ্লিষ্ট অংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রকৃত ঘটনা তুলে ধরে নিম্নোক্ত ব্যাখ্যা প্রদান করছি।
গত ২৭ অক্টোবর ২০২৬খ্রিঃ ভোর ৬টা ১৪ মিনিটে উখিয়ার ছোট ইনানী এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য বোরিং করার সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের স্থানটির অতি নিকটে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ইনানী ৩৩ কেভি বিদ্যুৎ লাইন থাকায় আগুনের সংস্পর্শে এসে লাইনটিতে ফল্ট দেখা দেয়। ফলে জননিরাপত্তা ও বিদ্যুৎ লাইনের সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট এলাকার ৩৩ কেভি মূল লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
ঘটনার দিন উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। এ পরিস্থিতিতে ঝুঁকি বিবেচনায় সেদিন বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়নি। এর ফলে ছোট ইনানী, পাটোয়ারটেক, শফির বিল, মনখালী ও শ্যামলাপুর এলাকায় আনুমানিক ৩হাজার ৮শত গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎবিহীন হয়ে পড়েন।
পরবর্তীতে বাপেক্সের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনাক্রমে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ সচল করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে প্রায় ১০০ মিটার নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ করে ২৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৯টা ১৫ মিনিটে সংশ্লিষ্ট সব এলাকার বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়। এরপর থেকে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্নভাবে চালু রয়েছে।
বিশেষভাবে উল্লেখ্য, আজ ৩০ অক্টোবর ২০২৬ তারিখে ইনানীর ওই অগ্নিকাণ্ডের কারণে সংশ্লিষ্ট এলাকায় কোনো বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়নি। অথচ দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদে আমার নাম উল্লেখ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা-সংক্রান্ত যে তথ্য প্রচার করা হয়েছে, তা প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
প্রকৃতপক্ষে, অগ্নিকাণ্ডের দিন নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে বিকল্প লাইনের মাধ্যমে নির্ধারিত সময়েই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়। এ বিষয়ে সঠিক তথ্য যাচাই না করে আমার নামের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তথ্য যুক্ত করে প্রচার করা অনভিপ্রেত ও দুঃখজনক।
সাংবাদিকতার দায়িত্বশীলতার স্বার্থে যেকোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও প্রকৃত তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। তাই দ্য ডেইলি ক্যাম্পাস কর্তৃপক্ষকে প্রকাশিত সংবাদের অসংগতিপূর্ণ তথ্য সংশোধন করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে প্রকাশিত সংবাদে আমার নাম ব্যবহার করে প্রচারিত ভুল তথ্যের প্রতিবাদ জানিয়ে এর যথাযথ সংশোধন ও ব্যাখ্যা প্রকাশের দাবি জানাচ্ছি, যাতে জনমনে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটে।
প্রতিবাদকারী:
কাইজার নুর
ডেপুটি জেনারেল ম্যানেজার,
উখিয়া জোনাল অফিস,
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।