নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। এসময় প্রায় ৪ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের মাছকারিয়ার বিল ও দোছড়ি বিটের মোহাম্মাদ আলিরঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
বনবিভাগ সূত্রে জানা যায়, স্থানীয় ভূমিদস্যুরা বনভূমি জবরদখল করে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছিল। পরে বনবিভাগ অভিযান পরিচালনা করে এসব স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৪ একর বনভূমি দখলমুক্ত করে।
অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ,দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, মোছারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমা বনবিভাগের স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “বনভূমি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে। সরকারি বনভূমি রক্ষায় জবরদখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”