মুসলিম উদ্দিন:
মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকায় উখিয়া থানা পুলিশের হলদিয়া বিট পুলিশিংয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে ছালে বুলবুল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে 'মাদককে না বলুন'সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়। র্যালিটি পাতাবাড়ী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। তাই মাদকের বিস্তার রোধে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, তরুণদের মাদকের থাবা থেকে রক্ষা করতে হলে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে তাদের সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উখিয়া থানার এসআই উনুমং মারমা, এসআই উত্তম কুমার সূত্রধর, এএসআই স্বদেশ বিশ্বাস, এএসআই মহিন উদ্দিন, এএসআই মেহেদী হাসান শুভ, হলদিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তুর্জয় চৌধুরী রিগান, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সরওয়ার কামাল বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।