শরণখোলায় একটি বেসরকারি হাসপাতাল থেকে হাসিনা খানম রিক্তা (৩৪) নামে এক নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলা সদর রায়েন্দা গ্রামীণ জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত নার্স উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী।
রায়েন্দা গ্রামীণ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলীম আল রেজা মুক্তি বলেন, ভোর রাতে নার্স হাসিনা বাথরুমে যান। দীর্ঘ সময় বাথরুম থেকে বের না হওয়ায় ডাকাডাকি করেও তার সাড়া মেলেনি। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে বাথরুমের ভেতরে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী বলেন, হাসিনা খানম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতাসহ তিনি মাদকাসক্ত ছিলেন।
ওসি রোকেয়া খানম জানান, নার্সের লাশের পাশে মাদক জাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।