কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকের সঙ্গে জড়িতরা ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে, কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া থানা পুলিশ জানায়, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় ঘটনাস্থলে একটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে সেটি তল্লাশি করা হয়। পরে বস্তার ভেতর থেকে ২০টি কার্ডে রাখা মোট ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারের সঙ্গে জড়িত পলাতক আসামি ইয়াবার বস্তাটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উখিয়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ বিবেচনায় এটি মাদকের একটি বড় চালান এবং ঘটনাটি মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে পুলিশ।