উখিয়া থানা পুলিশের তৎপরতায় ১ মাস পর বাবার কোলে অপহৃত ২ শিশু
মুসলিম উদ্দিন:কক্সবাজার জেলা ও উখিয়া থানা পুলিশের সাহসিকতা, নিরলস চেষ্টা এবং পেশাদারিত্বের এক অনন্য নজির দেখা গেল।গত ১০ জুলাই উখিয়া থানাধীন থাইংখালী এলাকার বাসিন্দা শাহ আলমের দুই শিশুসন্তান শফিকুল (১৩) ও শহিদুল (১১) অপহৃত হয়। ঘটনার পর থেকেই পুলিশের একটি চৌকস টিম টানা এক মাস ধরে উদ্ধার অভিযানে মাঠে নামে। অবশেষে ১১ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই সফল অভিযানের মাধ্যমে শিশু দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।সংকটময় মুহূর্তে সন্তানদের ফিরে পেয়ে আবেগাপ্লুত পিতা শাহ আলম পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। সফল এই অভিযানের পর কক্সবাজার জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান উদ্ধার কাজে সহায়তাকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, "অপহৃত শিশুদের বিনা ক্ষতিতে ও বিনা মুক্তিপণে উদ্ধার করাই ছিল আমাদের মূল চ্যালেঞ্জ। পুরো টিমের কৌশলগত পদক্ষেপে অবশেষে শিশুদের তাদের বাবার কোলে ফিরিয়ে দিতে পেরেছি। তবে মূল অপহরণ চক্রকে কোনো ছাড় দেওয়া হবে না; পলাতক আসামীদের গ্রেপ্তারে আমাদের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।"