প্রসেনজিত বড়ুয়া:
অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের উখিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আগস্ট ২০২৬ মাসে বিভিন্ন মামলায় ও অপরাধে মোট ১৭১ জনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।
উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্যমতে, আগস্ট মাসে গ্রেপ্তার হওয়া ১৭১ জনের মধ্যে হত্যা মামলায় ১ জন, চুরির ঘটনায় ৮ জন, মাদক ব্যবসায়ী ১৫ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১০ জন, অস্ত্র মামলায় ৪ জন, পুরাতন মামলায় ১২ জন, বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জন, সাজাপ্রাপ্ত আসামি ১০ জন এবং ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩ জন রয়েছেন।
ওয়ারেন্টভুক্ত ৭৩ জনের মধ্যে জিআর ওয়ারেন্টে ৩৪ জন এবং সিআর ওয়ারেন্টে ৩৯ জন আসামি রয়েছেন।
এছাড়া অভিযানে উখিয়া থানা পুলিশ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং ২ হাজার পিস ইনজেকশন উদ্ধার করেছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় অপহৃত ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে উখিয়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিরাপদ উখিয়া গড়তে অপরাধ ও অপরাধীদের বিষয়ে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে উখিয়া থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকদের দেওয়া সঠিক তথ্য অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
“মাদক নয়—সুন্দর ভবিষ্যৎ চাই” এবং “অপরাধমুক্ত উখিয়া গড়তে সবাই একসাথে এগিয়ে আসুন”—এই প্রত্যয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে উখিয়া থানা পুলিশ।