ইমরান আল মাহমুদ:
কক্সবাজার সদর উপজেলার বাহারছড়া বাজার ও ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
অভিযানে বাহারছড়া বাজারের পলাশ স্টোরকে মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ২ হাজার টাকা, মেসার্স মায়ের দোয়া স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা এবং ঝাউতলার রান্নাঘর রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় মুরগি ও মাংসের দোকানসহ বিভিন্ন মুদির দোকানও তদারকি করা হয়। ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বা ব্যবহার, সঠিক ওজনে পণ্য ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
তদারকিকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (কক্সবাজার জেলা) মো. হাসান আল মারুফ বলেন,"ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শনের পাশাপাশি খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।"