Cox News

সিংগাইরে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওয়াবিন মিয়া এবং বরিশালের বিমানবন্দর থানার সাগর মুন্সি। আদালত সূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার ফোর্ডনগর গ্রামের বাসিন্দা ও নবম শ্রেণির ছাত্র সোহান মিয়া করোনাকালে পরিবারের আর্থিক সহায়তার জন্য ব্যাটারিচালিত হ্যালোবাইক চালাতেন। মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে খাসের চর বাজার থেকে ধল্লা বাজারগামী সড়কের পাশ থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত হ্যালোবাইক ও মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি। ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলার ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ডের রায় দেন। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সিংগাইরে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড