Cox News

দুধ দিয়ে গোসল করে মাদক কারবার ছাড়ার ঘোষণা ২৮ মামলার আসামির

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মায়ের কাছে তওবা কেটে ও এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক কারবার ছাড়ার ঘোষণা দিলেন আরমান শেখ (৪২) নামে এক ২৮ মামলার আসামি।    বুধবার (২২ জুলাই) বিকালে পীরগঞ্জ পৌরসভার রঘুনাথপুর কলেজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিজ বাড়িতে আরমান শেখের মাথায় এক মণ দুধ ঢেলে দেন তার মা আকতারা বেগম।  আরমান রঘুনাথপুর এলাকার মৃত আহমদ উল্লাহর ছেলে। তিনি বছরের পর বছর ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন বলে জানা গেছে। দুধ দিয়ে গোসলের পর ক্যামেরার সামনে হাত জোর করে আরমান বলেন, আমি ভুল করেছি, আর কখনো মাদক বিক্রি করব না। শুধু নিজেই ছাড়ব না, আমার এলাকায় কাউকে আর মাদক বিক্রি করতেও দেব না। পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক বিষয়টি নিশ্চিত করে জানান, আরমানের বিরুদ্ধে পীরগঞ্জ থানাতেই ২৮টি মাদকের মামলা রয়েছে। তবে সবকটি মামলাতেই তিনি বর্তমানে জামিনে আছে। তবে দুধ দিয়ে গোসল করে আরমানের এই ‘মন পরিবর্তনের’ পেছনে ভিন্ন কারণ দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  আরও পড়ুনআরও পড়ুনসাভারে ৯ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার ওসি ইকবাল হোসেন বলেন, সম্প্রতি এলাকায় মাদকের বিরুদ্ধে এক অভূতপূর্ব সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে কোণঠাসা হয়ে পড়েছে কারবারিরা। তাই গ্রেফতার এড়াতে ও জনরোষ থেকে বাঁচতে হয়তো তিনি এই কৌশলের আশ্রয় নিয়েছেন। অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা মাদক কারবার ছাড়বে না, প্রয়োজনে তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এমপির এই আলটিমেটামের পর থেকেই পীরগঞ্জের প্রতিটি পাড়া-মহল্লায় এখন মাদক কারবারিদের বিরুদ্ধে জনরোষ তুঙ্গে। একদিকে উত্তেজিত জনতার হাত থেকে রেহাই পাওয়ার তাগিদ, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান—এই দুয়ের যাঁতাকলে পড়েই ঠাকুরগাঁওয়ের ‘মাদক সম্রাট’ আরমান শেখ শেষমেশ এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ছাড়ার এই নাটকীয় পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দুধ দিয়ে গোসল করে মাদক কারবার ছাড়ার ঘোষণা ২৮ মামলার আসামির