Cox News

দুর্নীতি মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জাফর আহমদ আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোকাররম হোসাইন বলেন, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করেছেন। দুদক সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের ১ এপ্রিল নগরের ডবলমুরিং থানায় জাফর আহমদের বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক (বর্তমানে সহকারী পরিচালক) মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জাফর আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়। তদন্ত শেষে দুদক তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। চলতি বছরের ৫ মে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতের নথি অনুযায়ী, দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রায় ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয়েছে।

দুর্নীতি মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের সশ্রম কারাদণ্ড