সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়েছে। আজ বুধবার আইন সচিবের মাধ্যমে এ আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আবেদনে শিশির মনির বলেন, ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সমন্বয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট যাত্রা শুরু করে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করা হয়। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর চারজন বিচারপতিকে নিয়ে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। সে সময় আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৪ হাজার ৫৬টি এবং দেশের জনসংখ্যা ছিল প্রায় ৬ কোটি ৪৩ লাখ। বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৮১ লাখ। জ্যেষ্ঠ এ আইনজীবী আরও বলেন, আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৩৮ হাজার ৭১৩টি। অথচ বর্তমানে বিচারপতির সংখ্যা মাত্র চারজন। মামলার সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বিচারপতির সংখ্যা বৃদ্ধি পায়নি। বিচারাধীন মামলার জট কমিয়ে বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে আপিল বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারপতি নিয়োগে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।