বর্ষাকালে শাক-পাতা খাওয়ার বিষয়ে নানা ধরনের সতর্কতা প্রচলিত রয়েছে। অতিরিক্ত আর্দ্রতার কারণে এ সময়ে শাকে ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবীর সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। তবে পুষ্টিবিদদের মতে, সব ধরনের শাকের ক্ষেত্রে এ আশঙ্কা সমান নয়। যথাযথভাবে পরিষ্কার করে রান্না করলে পুঁই শাক বর্ষাকালেও নিরাপদে খাওয়া যায়। সহজলভ্য, সাশ্রয়ী ও পুষ্টিগুণসমৃদ্ধ হওয়ায় বর্ষার খাদ্যতালিকায় এটি রাখা যেতে পারে।
ডায়েটিশিয়ান মতে, পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এ, বি ও সি। পাশাপাশি এতে আছে ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, পটাশিয়াম ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। তাই এটি শুধু সুস্বাদুই নয়, শরীরের জন্যও অত্যন্ত উপকারী।
হজম ভালো রাখেপুঁই শাকের অন্যতম বড় গুণ হলো এতে থাকা প্রচুর খাদ্যআঁশ। এই ফাইবার হজমশক্তি উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। এমনকি পুঁই শাকের বীজও প্রাকৃতিকভাবে অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়ক বলে মনে করা হয়।
হাড় ও দাঁত মজবুত রাখেপুঁই শাকে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন কে হাড়ের মেট্রিক্স প্রোটিন সক্রিয় করে এবং শরীরে ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে। একই সঙ্গে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত ক্যালসিয়াম বের হয়ে যাওয়ার প্রবণতাও কমায়। ফলে নিয়মিত পুঁই শাক খেলে অস্টিওপোরোসিসের ঝুঁকি কিছুটা কমতে পারে।
অবসাদ কমাতে সহায়কশুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী এই শাক। এতে থাকা ফোলেট মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত পুঁই শাক খেলে ক্লান্তি ও অবসাদ কিছুটা কমতে পারে এবং মানসিক সতেজতা বজায় রাখতে সহায়তা করে।
ত্বক ও চুলের যত্নেও উপকারীপুঁই শাকে থাকা ভিটামিন এ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং স্ক্যাল্পের তেল নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করে। অতিরিক্ত সিবাম নিঃসরণ কমায় বলে ব্রণের ঝুঁকিও কিছুটা কমতে পারে। পাশাপাশি ত্বকের কোলাজেন তৈরিতে সহায়ক হওয়ায় ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে ভূমিকা রাখে।
অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুরপুঁই শাকে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট ও ক্লোরোফিল, যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ক্লোরোফিল কিছু ক্ষতিকর কার্সিনোজেনের প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে। যদিও এটি কোনো রোগের চিকিৎসা নয়, তবুও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পুঁই শাক উপকারী।
ভিনিগার বা লেবুর রসে ধুয়ে নিন পুঁই শাকবর্ষাকালে পুঁই শাক খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করা জরুরি। এক লিটার পানিতে ১০-১৫ মিলিলিটার ভিনিগার মিশিয়ে সেই পানিতে কয়েক মিনিট পুঁই শাক ভিজিয়ে রেখে ধুয়ে নিন। এতে ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবীর ঝুঁকি অনেকটাই কমে। ভিনিগার না থাকলে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইউনিভার্সিটি অব ফ্লোরিডা