অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ৮ বাংলাদেশি নারী আটক
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নবদুর্গাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি ৮ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয়। পরে বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের একটি ধানক্ষেতের পাশ দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন ওই নারীরা। এ সময় বিজিবির পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে জীবননগর থানায় সোপর্দ করা হবে।