Cox News

সিট বণ্টন নীতিমালার দাবিতে সিন্ডিকেট সভা ঘেরাও ডাকসুর

শিক্ষার্থীবান্ধব ও স্বচ্ছ সিট বণ্টন নীতিমালা প্রণয়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা ঘেরাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিভিন্ন হল সংসদের নেতারা। একই সঙ্গে শাহবাগ থানার সামনে ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনার বিচারও দাবি করেন তারা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে অবস্থান নেন ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা। সিন্ডিকেটের সভা চলাকালে ভবনের বাইরে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত তাদের কর্মসূচি চলে। পরে ডাকসুর একটি প্রতিনিধিদল সিন্ডিকেট সদস্যদের সঙ্গে আলোচনায় অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সহ-সভাপতি (ভিপি) আহসান হাবীব ইমরোজ। বিক্ষোভে অংশ নেওয়া নেতারা ‘আদু ভাইয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘গণরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা, ‘আবাসনে রি-অ্যাড, চলবে না চলবে না’, ‘বিতর্কিত সিট নীতিমালা, চলবে না চলবে না’ এবং ‘স্বচ্ছ নীতিমালা, দিতে হবে দিয়ে দাও’—এমন বিভিন্ন স্লোগান দেন। এর আগে সন্ধ্যা ৭টার দিকে মিছিল নিয়ে সিন্ডিকেট কক্ষের সামনে গেলে ডাকসুর কয়েকজন নেতা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এনামুল হক সজীব, রেজাউল করিম সোহাগ ও শান্টু বড়ুয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তবে পরে পরিস্থিতি শান্ত হয়। ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ‘আমরা জানতে পেরেছি তিনবার রি-অ্যাডের মাধ্যমে আট বছর হলে থাকার সুযোগ তৈরির চেষ্টা চলছে। এ সুযোগ দেওয়া হলে অনেকে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে ইচ্ছাকৃতভাবে রি-অ্যাড নেবে এবং হলের সিট দীর্ঘদিন ধরে রাখবে। এতে আবারও গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা রয়েছে।’ তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি এখন সিন্ডিকেট সভা চলছে। সেখানে সিট বরাদ্দ নীতি নিয়ে পাঁয়তারা করা হচ্ছে। আমরা থাকতে এটা কখনো হতে দেব না। একজন শিক্ষার্থীকে ভর্তির প্রথম দিন থেকেই হলের সিট নিশ্চিত করতে হবে। পরে প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে সিন্ডিকেট সভায় অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। প্রক্টরিয়াল বডির সহযোগিতায় প্রতিনিধিরা আলোচনার জন্য সভাকক্ষে প্রবেশ করেন। পরে রাত সাড়ে ১০টা পর্যন্ত সিন্ডিকেট সভা চলে।

সিট বণ্টন নীতিমালার দাবিতে সিন্ডিকেট সভা ঘেরাও ডাকসুর