Cox News

সাগরে লঘুচাপ থাকায় সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত জারি করা হয়েছে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে পায়রা সমুদ্রবন্দরসহ দেশের চার সমুদ্র বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত। রাঙ্গাবালী ও পায়রা বন্দর এলাকায় বিরাজ করছে মেঘাচ্ছন্ন আবহাওয়া। শনিবার (২৫ জানুয়ারি) সকালে কোথাও কোথাও হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এদিকে চলতি মাসে সবশেষ এই লঘুচাপসহ মোট তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় আবারো সাগর উত্তাল হওয়ার শঙ্কায় চিন্তিত সমুদ্রগামী জেলেরা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা। কারণ, চলতি মাসে সবশেষ এই লঘুচাপসহ বঙ্গোপসাগরে এরই মধ্যে সৃষ্টি হয়েছে তিনটি লঘুচাপ। কয়েক দফা বৈরী আবহাওয়ার কারণে জেলেদের পড়তে হয়েছে দুর্ভোগে। আবারো সাগর উত্তাল হয়ে ওঠার সম্ভাবনায় নতুন করে চিন্তিত তারা।

সাগরে লঘুচাপ থাকায় সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত জারি করা হয়েছে