টেকনাফে বাস থামিয়ে বিকাশ কর্মীদের ৫৭ লাখ টাকা লুট
কক্সবাজারের টেকনাফে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস থামিয়ে গুলি ও ছুরিকাঘাত করে বিকাশের দুই কর্মীর কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুট করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই কর্মী আহত হয়েছেন।
রোববার দুপুরে টেকনাফ স্থলবন্দরের পাশে ১৪ নম্বর সেতু এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে এ ঘটনা ঘটে।
আহতদের একজন মো. আরমান। তিনি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং হ্নীলা ও লেদা এলাকার বিকাশের এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাসে করে বিকাশের দুই কর্মী নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে ১৪ নম্বর সেতু এলাকায় একদল অস্ত্রধারী সড়কে ব্যারিকেড দিয়ে বাসটির গতিরোধ করে। পরে তারা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বিকাশ কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় একজনকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত আরমান বলেন, ডাকাত দলের সঙ্গে বাসচালক বা সংশ্লিষ্ট কারও যোগসাজশ ছিল কি না, তা তদন্ত করে দেখা উচিত। কারণ তারা নগদ টাকা বহন করছেন—এ তথ্য দুর্বৃত্তরা কীভাবে জানল, তা বোধগম্য নয়। এছাড়া গুলি শুরু হওয়ার পরও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ না করে কেন থেমে ছিল, সেটিও রহস্যজনক। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কক্সবাজারগামী একটি বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তবে লুট হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টেকনাফ উপজেলার বিকাশ এজেন্টদের ডিস্ট্রিবিউটর আবদুল করিম দাবি করেন, দুই কর্মীর কাছ থেকে গুলি চালিয়ে ৬০ লাখ টাকার বেশি লুট করা হয়েছে। দ্রুত অভিযান চালালে টাকা উদ্ধার সম্ভব হবে। একই সঙ্গে বাসচালককে জিজ্ঞাসাবাদ করাও প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বিকাশ কর্মীদের কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুট হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।