Cox News

অস্ত্রসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় দুটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত র‍্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামকান্তপুর কইডাঙ্গা এলাকায় আলম সরদার ও বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আলম সরদার (৪০), ইব্রাহিম শেখ (৪৪), বাহাদুর বিশ্বাস (৫৮), ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) ও রাজু আহমেদ টোকন (৪৫)। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। এ ছাড়া রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতিসহ মোট তিনটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

অস্ত্রসহ গ্রেপ্তার ৫