মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জে আবার পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। সেখানে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই সড়কে বসে প্রতিবাদ জানাতে দেখা গেছে তাঁদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হবিগঞ্জের মিরপুর এলাকার আগেই তাঁদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। সেখানে গাড়ি থেকে নেমে তাঁরা সড়কে বসে পড়েন। এর আগে শ্রীমঙ্গলে বাধার মুখে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্বিতণ্ডার পর বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন তাঁরা। এর আগে ১৪৪ ধারা জারির মধ্যেই আজ বুধবার বেলা ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ আরও অনেকে। পরে শ্রীমঙ্গল শহর থেকে হবিগঞ্জে যাওয়ার পথে চা-কন্যা ভাস্কর্য এলাকায় শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের গাড়িবহর আটকে দেয়। এ সময় সড়কের দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে।