সড়ক খুঁড়তে গিয়ে মিলল ৩ মর্টার শেল
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়কে পানির লাইন বসানোর জন্য মাটি খনন করতে গিয়ে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেছে। পরে মর্টার শেলগুলো উদ্ধার করে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টিএনটি অফিসসংলগ্ন সড়ক থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সড়কে পানির লাইন বসানোর জন্য প্রায় চার ফুট গভীর করে মাটি খননের সময় শ্রমিকরা লোহার তৈরি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে তিনটি মর্টার শেল উদ্ধার করে।
উদ্ধার হওয়া প্রতিটি মর্টার শেলের দৈর্ঘ্য প্রায় ১৪ ইঞ্চি এবং পুরুত্ব প্রায় ১০ ইঞ্চি ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, উদ্ধার করা মর্টার শেলগুলো পুলিশি পাহারায় রাখা হয়েছে। বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে এসে নিরাপদ স্থানে মর্টার শেলগুলো বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করবে।