Cox News

বন্যাকবলিত ৪,৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক

দক্ষিণ-পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ হাজার ৫০০ পরিবারের জন্য ২ কোটি টাকার জরুরি ত্রাণ সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিমের সহযোগিতায় ২২ হাজারের বেশি মানুষের কাছে খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জরুরি প্রয়োজন মেটাতে এ মানবিক সহায়তা কর্মসূচি নিয়েছে ব্যাংকি।  এই উদ্যোগের আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার সাত দিনের খাদ্য সহায়তা প্যাকেজ পাবে। এতে প্রায় ৩ হাজার ৫০০ টাকা মূল্যের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ১ হাজার টাকা নগদ সহায়তা রয়েছে। বন্যা-পরবর্তী সংকটময় সময়ে এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে বিশ্বাস ব্র্যাক ব্যাংকের। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, মানুষের পাশে দাঁড়ানো ব্র্যাক ব্যাংকের অন্যতম মূল অঙ্গীকার। ব্র্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিমের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা বন্যাকবলিত হাজারো পরিবারের কাছে সময়োপযোগী সহায়তা পৌঁছে দিচ্ছি, যাতে তারা জরুরি প্রয়োজন মেটাতে পারে এবং বন্যা-পরবর্তী সময়ে নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। বাংলাদেশের মানুষের প্রয়োজনে আমরা সবসময় তাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক সংকটে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে সময়োপযোগী সহায়তা নিয়ে ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগ প্রয়োজনের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যাংকটির দীর্ঘমেয়াদি অঙ্গীকারেরই প্রতিফলন। সংবাদ বিজ্ঞপ্তি

বন্যাকবলিত ৪,৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক