সাভারে প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয়, কেঁপে উঠল এলাকা
সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে উদ্ধার হওয়া প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিট। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে সতর্কতার সঙ্গে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
এদিকে বোমা উদ্ধারের ঘটনায় নব্য জেএমবির সদস্য সন্দেহে আরিফ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি বাড়ি থেকে আরও নয়টি পাইপ বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত নাজমুল হাসান ওরফে ‘বোমারু মামুন’কে গ্রেপ্তারে অভিযান চলছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরিফ ও একটি প্রেসার কুকার দেখতে পান স্থানীয়রা। পরে ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করে মসজিদের মাঠে রাখা হয়। স্থানীয়দের ভাষ্য, অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি রাতে ড্রামটি সেখানে রেখে যায়। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ডিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, এর আগে মতিঝিল ও আশুলিয়ায় বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত করতে গিয়ে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাদের একজন মো. আরিফ হোসেন এবং অপরজন নাজমুল হাসান ওরফে ‘বোমারু মামুন’। তদন্তে মামুনকে এসব কর্মকাণ্ডের মূলহোতা হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
সিটিটিসি সূত্র জানায়, মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিশোরগঞ্জ থেকে তাকে অনুসরণ করছিলেন। হেমায়েতপুরে একটি বাস থেকে নামার পর তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি বিস্ফোরক, একটি ব্যাগ, একটি চাকু ও লাইটার উদ্ধার করা হয়।
পরে আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর প্রাইমারি স্কুলের পেছনে আব্দুল জলিলের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে নয়টি পাইপ বোমা, গানপাউডারসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে আরিফের কাছ থেকে উদ্ধার করা পাঁচটি বোমাসহ সব মিলিয়ে ১৪টি পাইপ বোমা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা বোমার মধ্যে পাঁচটি রাতেই ঘটনাস্থলে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট। বাকি বোমাগুলো সাভার চামড়া শিল্পনগরের পাশে ধলেশ্বরী নদীর তীরে নিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের পুরো এলাকা কেঁপে ওঠে।
সিটিটিসির কর্মকর্তারা জানান, উদ্ধার করা পাইপ বোমায় হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এসব বিস্ফোরক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাড়ির মালিক আব্দুল জলিলের মেয়ে ইলমা বলেন, ভাড়াটিয়াদের বিষয়ে তারা আগে কিছুই জানতেন না। গত ২ আগস্ট আব্বাস আলী নামে একজনসহ আরও একজন বাসা ভাড়া নিতে আসেন। জাতীয় পরিচয়পত্রের তথ্য নিয়ে তাদের বাসা ভাড়া দেওয়া হয়। তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে জানান, গ্রামের বাড়ি পাবনার হেমায়েতপুর এলাকায়। সন্তানদের পাশের একটি স্কুলে ভর্তি করাবেন এবং তারা ড্রাইভিংয়ের কাজ করেন বলেও জানিয়েছিলেন।
ইলমা বলেন, পরিবার নিয়ে থাকবেন বলেই তাদের বাসা ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু বাসার ভেতরে এত বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম রাখা হয়েছিল, তা তারা জানতেন না।
সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন বলেন, প্রেসার কুকার বোমা উদ্ধারের সূত্র ধরেই সাভারে কথিত জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে। সাধাপুরের মাঠে পাওয়া প্রেসার কুকার বোমার সঙ্গে শ্যামপুরের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক ও বোমার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা কয়েকজন আলোচিত জঙ্গি সদস্য মুক্তি পেয়েছেন। অনেকে কারাগার থেকে পালিয়ে সক্রিয় হয়ে ছোট ছোট সেল গঠন করেছেন। এসব সেল নতুন সদস্য সংগ্রহ, অর্থায়নের উৎস তৈরি এবং বিস্ফোরক তৈরির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক তৎপরতা জোরদারের চেষ্টা করছে।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে এবং ৩১ জুলাই আশুলিয়ার খেজুরবাগান এলাকার ‘জয়ী জেনারেল স্টোরের’ বেঞ্চে পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগ থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করে পুলিশ। যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কুমিল্লা ও কেরানীগঞ্জে সাম্প্রতিক বিস্ফোরণের সঙ্গে এসব ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে সিটিটিসি।