উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার ২
কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ওয়েস্টে প্রতিপক্ষের গুলিতে সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) সদস্য মো. জুবায়ের (৩৪) নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহত মো. জুবায়ের একই ক্যাম্পের এইচ-২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরে আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ সিরাজ আমিন জানান, রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ-২৯ নম্বর ব্লকে নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিম নামে এক ব্যক্তির ঘরের সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী জুবায়েরকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা গুলিবিদ্ধ জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টে অবস্থিত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদ সিরাজ আমিন বলেন, ‘প্রাথমিক তদন্তে সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনার সময় ভোররাতে ওই স্থানে নিহতের উপস্থিতিও সন্দেহজনক বলে প্রতীয়মান হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
এপিবিএনের এই কর্মকর্তা জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।