আলিম পরীক্ষায় নকল সরবরাহ করায় শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলিম পরীক্ষা চলাকালে অসদুপায় (নকল) অবলম্বন ও এতে সহযোগিতার অভিযোগে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড এবং পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষক মুহাম্মদ মনির হোসেনের কাছে হাতে লেখা এমসিকিউ উত্তরের একটি কাগজ (নকল) পাওয়া যায়। প্রাথমিক তদন্তে তিনি পাঁচজন পরীক্ষার্থীকে নকল করতে সহযোগিতা করেছেন বলে প্রমাণিত হয়। এ ঘটনায় পাঁচ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি চলতি বছরের আলিম পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ থেকেও তাদের বহিষ্কার করা হয়।
অন্যদিকে, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী নকলে সহযোগিতার দায়ে শিক্ষক মুহাম্মদ মনির হোসেনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, পরীক্ষায় যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন কিংবা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।