Cox News

দুবাইয়ে বেনজীর আহমেদের জামিন বাতিলের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জামিন পাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমি খবর পেয়েছি তাঁকে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে এই জামিন দেওয়া হয়েছে। আমি শর্তের সেই সার্টিফায়েড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে, তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যানসেলেশনের জন্য তারা পার্সিউ করে।’ আজ রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমি এখন শুনলাম এটা স্টেজে বসে। সঙ্গে সঙ্গে হোম সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। হোম সেক্রেটারি দুবাইয়ে আমাদের যে অ্যাম্বাসেডর, তাঁর সঙ্গে কথা বলেছেন।’ সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কয়েক দিন আগেই আমরা ল ফার্ম নিয়োগ করেছি, শুধু এই বিষয়টার জন্য। তাঁকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, জামিন বাতিলের জন্য তিনি চেষ্টা করবেন।’ বাংলাদেশ এখন কী করবে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা (বেনজীর আহমেদ) আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি। আমাদের চেষ্টা আমরা করছি। আমরা আশা করছি বেইল ক্যানসেল করতে পারব এবং দ্রুত সময়ের মধ্যে তাঁ ফেরত নিতে পারব।’ এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাজশাহী পুলিশ লাইনসে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

দুবাইয়ে বেনজীর আহমেদের জামিন বাতিলের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী