Cox News

মিরাজকে সরিয়ে লিটনকে অধিনায়ক করার ব্যাখ্যা দিলেন তামিম

ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের অধ্যায় শেষ। সাদা বলের এই সংস্করণেও লিটন নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। কেন এই অধিনায়ক পরিবর্তন—আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন। অধিনায়কত্বের ব্যাটন সরিয়ে নেওয়ার আগে মিরাজের সঙ্গে আলোচনাও করেছিলেন বলে জানিয়েছেন তামিম। বিসিবির আজকের সভা শেষে অধিনায়কত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। মিরাজের পরিবর্তে ওয়ানডেতে লিটনকে অধিনায়ক করার পাশাপাশি সহ-অধিনায়কদের নামও ঘোষণা করা হয়েছে। টেস্টে অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্তই। আর লিটন এখন থেকে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণেই নেতৃত্ব দেবেন। আজকের আগ পর্যন্ত বাংলাদেশ তিন সংস্করণে তিন অধিনায়কের অধীনে খেলেছে। ওয়ানডের অধিনায়ক ছিলেন মিরাজ। টেস্ট ও টি-টোয়েন্টি বাংলাদেশ খেলে শান্ত ও লিটনের নেতৃত্বেই। আজ সভা শেষে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে তামিম বলেন, ‘আমাদের তিন সংস্করণে তিন অধিনায়ক ছিল। এখানে কোনো ভুল নেই। আবার এটা ঠিকও না। আমার মতে দুই অধিনায়ক থাকা উচিত এখানে। সাদা বল ও লাল বলের অধিনায়ক। এটা বলার আগে আমরা দুই অধিনায়কের নাম ঘোষণা করব। লিটন দাস সাদা বলে নেতৃত্ব দেবে। আর শান্ত লাল বলে অধিনায়ক। সাদা বলে সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। আর লাল বলে আগের মতোই (মিরাজ সহ অধিনায়ক)।’ আনুষ্ঠানিকভাবে গত বছরের জুলাইয়ে মিরাজ ওয়ানডে অধিনায়ক হওয়ার পর শ্রীলঙ্কা, আফগানিস্তানের কাছে সিরিজ হারে বাংলাদেশ। যার মধ্যে আফগানদের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। তবে গত বছরের অক্টোবর থেকে এ বছরের জুন—মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ গত ২১ বছরে ওয়ানডে জিততে পারেনি, তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় এসেছে মিরাজের নেতৃত্বেই। জিম্বাবুয়ে সফরে গিয়ে টানা পাঁচ আর করা হলো না মিরাজের। সদ্য সমাপ্ত এই ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরেছে ২-১ ব্যবধানে। সদ্য সাবেক হওয়া অধিনায়ক মিরাজকে তামিম মূল্যায়ন করেছেন এভাবে, ‘মিরাজ অসাধারণ অধিনায়ক ছিল। আপনি যদি শেষ পাঁচ সিরিজ দেখেন, চারটাতে জিতেছে। দারুণ খেলেছে। তবে আমি সব সময় বিশ্বাস করি, মিরাজ বাংলাদেশের ক্রিকেটার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’ অধিনায়ক হিসেবে ২৪ ওয়ানডেতে চার ফিফটিতে ৪৯০ রান করেছেন মিরাজ। গড় ও স্ট্রাইকরেট ২৭.২২ ও ৭১.৩২। যেখানে তাঁর ওয়ানডে ক্যারিয়ারের স্ট্রাইকরেট ৭৫.৭৪। আর অধিনায়ক মিরাজ বোলার হিসেবে ৪.৪২ ইকোনমিতে নিয়েছেন ২৪ উইকেট। তামিমের মতে মিরাজের ব্যাটিংয়ে উন্নতি করা জরুরি। এমনকি মিরাজ অদূর ভবিষ্যতে আবারও অধিনায়ক হতে পারবেন বলে আশা তামিমের। আজ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘মিরাজকে আমরা যেভাবে পারফর্মার হিসেবে দেখতে অভ্যস্ত, সেভাবে দেখতে পাচ্ছি না। এটা বলছি না যে সে পারফর্ম করছে না। তবে যেভাবে দেখতে চাচ্ছি, সেভাবে হচ্ছে না। বিশেষ করে তার ব্যাটিং। বোলিংয়ে সে অনেক ভালো করছে। মিরাজের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। সে ব্যাপারটা বুঝতে পেরেছে। শিগগিরই আবার সে অধিনায়ক হওয়ার সুযোগ পাবে।’ লিটনের ওয়ানডের অধিনায়কত্ব একেবারে নতুন নয়। এর আগে ২০২২ থেকে ২০২৩ সালে ৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১ টেস্ট, ৭ ওয়ানডে ও ৩১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন লিটন। আজ আনুষ্ঠানিকভাবে পেয়ে গেলেন ওয়ানডে দলের নেতৃত্বভার। সবকিছু ঠিকঠাক থাকলে ভারত সিরিজ থেকেই লিটনের শুরু হবে সাদা বলের অধিনায়কত্ব। এ বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ-ভারত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা।

মিরাজকে সরিয়ে লিটনকে অধিনায়ক করার ব্যাখ্যা দিলেন তামিম