Cox News

দ্বিতীয়বার বিয়ে করে আবার যৌতুকের মামলা, মিথ্যা অভিযোগের দায়ে স্ত্রীই কারাগারে

পটুয়াখালীর বাউফলে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, দ্বিতীয় দফায় বিয়ে ও আবারও যৌতুকের মামলা দিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিলেন আকলিমা বেগম (৪০) নামের ওই নারী। পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাঁকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেন। সেই অনুযায়ী আজ বুধবার দুপুরে আকলিমাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত নারীর স্বামী ভুক্তভোগী আলমগীর হোসেন দুমকি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আকলিমা আনুমানিক দুই বছর আগে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন আলমগীরের বিরুদ্ধে। পরে আপস-মীমাংসার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয় এবং তাদের বিচ্ছেদ ঘটে। এরপর আকলিমা তার একমাত্র সন্তানকে নিয়ে পৌর শহরের একটি বাসায় ভাড়ায় বসবাস শুরু করেন। সম্প্রতি সন্তানের অসুস্থতার খবর জানতে পেরে ভুক্তভোগী আলমগীর বাউফলে আসেন। সন্তানের সঙ্গে কথাবার্তা বলার সময় হঠাৎ আকলিমার লোকজন তার ঘরে ঢুকে জোরপূর্বক দ্বিতীয় দফায় আকলিমার সঙ্গে আলমগীরের সঙ্গে বিয়ে দেন। সেই বিয়ের কাবিননামা ব্যবহার করে আকলিমা আবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত সম্পূর্ণ ঘটনা শুনে আকলিমা বেগমের মামলা খারিজ করে দেন এবং মিথ্যা অভিযোগ এনে হয়রানি করার অভিযোগে ভুক্তভোগী আলমগীর আদালতে আকলিমার বিচার দাবি করলে সংশ্লিষ্ট আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই মামলায় জারি করা পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তার আকলিমা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দ্বিতীয়বার বিয়ে করে আবার যৌতুকের মামলা, মিথ্যা অভিযোগের দায়ে স্ত্রীই কারাগারে