সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রকল্পের ব্যয় নির্ধারণে ব্যবহৃত বিদ্যমান রেট শিডিউল পর্যালোচনা করে নতুন কাঠামো প্রণয়নের কাজও চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একনেক সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। জোনায়েদ সাকি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পুরো প্রক্রিয়াকে আরও যৌক্তিক ও সময়োপযোগী করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী নতুন নীতিমালা ও বাস্তবায়ন নির্দেশিকা চূড়ান্ত করার কাজ চলছে। তিনি জানান, এ বিষয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) একটি প্রতিবেদন জমা দিয়েছে, যা বর্তমানে পর্যালোচনায় রয়েছে। একই সঙ্গে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের নতুন নীতিমালার খসড়াও প্রস্তুত করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর করার উদ্যোগ নিয়েছে। ধাপে ধাপে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো হবে। তিনি আরও জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী সংস্থার পৃথক রেট শিডিউল ব্যবহারের কারণে প্রকল্প ব্যয় নির্ধারণে অসঙ্গতি ও প্রশ্ন তৈরি হচ্ছে। এ কারণে বিষয়টি পুনর্বিবেচনা করতে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। কমিটি ইতোমধ্যে একাধিক বৈঠক করেছে এবং শিগগিরই নতুন রেট শিডিউল সংক্রান্ত সুপারিশ দেবে। নতুন কাঠামোয় সাধারণ ধরনের কাজের জন্য অভিন্ন রেট এবং বিশেষায়িত কাজের জন্য পৃথক রেট নির্ধারণের পরিকল্পনা রয়েছে। এতে প্রকল্পের ব্যয় নির্ধারণ আরও স্বচ্ছ, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জোনায়েদ সাকি বলেন, বর্তমানে একটি উন্নয়ন প্রকল্প ধারণাপত্র প্রণয়ন থেকে শুরু করে সম্ভাব্যতা যাচাই, ডিপিপি প্রস্তুত, একনেকের অনুমোদন, প্রশাসনিক আদেশ, দরপত্র আহ্বান এবং কার্যাদেশ সম্পন্ন করতে গড়ে দেড় থেকে দুই বছর সময় লাগে। অনেক ক্ষেত্রে মাঠপর্যায়ে প্রকল্পের কাজ শুরু হতেও তিন থেকে চার বছর লেগে যায়। এই দীর্ঘসূত্রতার কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি কমে যায় এবং প্রত্যাশিত অর্থনৈতিক সুফল অর্জন ব্যাহত হয়।