Cox News

প্রায় ২০ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল ধ্বংস, ৭০ হাজার টাকা অর্থদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ খাল ও জলাশয় থেকে বিপুল অবৈধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। আজ সোমবার বিকেলে উপজেলার চেংমারী সেতু সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জালগুলো ধ্বংস করা হয়। এ সময় দুই মালিককে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন রণচণ্ডী উত্তর বাফলা পশ্চিমপাড়া গ্রামের তাহেরের ছেলে সোলায়মান গণি ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে ইউনুছ আলী। ভ্রাম্যমাণ আদালতের পেশকার রেজাউল বাবু জানান, চেংমারী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জালের মালিক সোলায়মান গণিকে ৫০ হাজার টাকা ও ইউনুছ আলীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, বিপুল চায়না দুয়ারি জাল উদ্ধার করে দুইজনের ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে জালগুলো ধ্বংস করা হয়েছে। জীববৈচিত্র্য ও দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারি জাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রায় ২০ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল ধ্বংস, ৭০ হাজার টাকা অর্থদণ্ড